শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ অনলাইন মাধ্যমে লক্ষাধিক টাকা হেরফের করার অভিযোগে এক স্পোর্টস দোকানের অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম রোহিত বিশ্বাস।
পুলিশ সূত্রে খবর, হিলকার্ট রোডের ওই স্পোর্টস দোকানের মালিক পরিমল সরকার প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, রোহিত বিশ্বাস গত প্রায় নয়মাস ধরে তার দোকানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন।
অভিযোগ, সম্প্রতি দোকানের মালিকের অজান্তে তার অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি সামনে আসে। মালিকের দাবি, তার অজান্তেই অনলাইন মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা হেরফের করা হয়েছে।অন্য কোনও লেনদেনে আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দোকানের মালিক।
অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে প্রধাননগর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে দোকানের অ্যাকাউন্ট্যান্ট রোহিত বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।





