শিলিগুড়ি, ১৬ অক্টোবর: পুজোর মরশুমে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে মাটিগাড়ার পরিবহণ নগর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় গ্রেফতার তিনজন।
ধৃতদের নাম ইসলামপুরের বাসিন্দা এমডি মনসুর, এনজেপি এলাকার ঝুলন প্রসাদ এবং সুদেব রায়।জানা গিয়েছে, মনসুর ব্রাউন সুগার নিয়ে পরিবহণ নগরে পৌঁছেছিল। অন্যদিকে, ঝুলন ও সুদেব বাইকে করে ওই মাদক সংগ্রহ করতে সেখানে আসে।
গোপন সূত্রে খবর পেয়ে পরিবহণ নগর বাসস্ট্যান্ড এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। এরপর বাসস্ট্যান্ডের একটি নির্জন জায়গায় তিনজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
তিন অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।





