শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের ডন বসকো মোড় সংলগ্ন জেলা পরিষদ রোড এলাকার একটি আবাসনের প্রথম তলায় রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও আবাসনের বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।সোমবার রাতে এই ঘটনা ঘটে।
আবাসনের বাসিন্দাদের অভিযোগ,ওই তলায় বসবাসকারী এক মা ও মেয়ের জন্যই এই ঘটনা ঘটেছে। তাদের দাবি, এর আগেও ওই দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাদের আচরণের কারণে আবাসনের অন্যান্য বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ।
বাসিন্দাদের দাবি, যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।





