শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ শিলিগুড়িতে রেল পরিকাঠামোর আধুনিকীকরণের লক্ষ্যে মহাবীরস্থান ফ্লাইওভারের নীচে অবস্থিত দুটি রেলগেট বন্ধ করার সম্ভাবনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় এই বিষয়ে চিন্তাভাবনা চলছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেলগেট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
মঙ্গলবার কাটিহার রেল ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ শিলিগুড়ি জংশন রেল স্টেশন পরিদর্শন করেন। এদিন স্টেশনের আধুনিকীকরণ সংক্রান্ত উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে তথ্য দেওয়ার পাশাপাশি মহাবীরস্থান ফ্লাইওভারের নীচে থাকা রেলগেট দুটি বন্ধ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি। ডিআরএম জানান, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
রেল সূত্রে খবর, ফ্লাইওভারের নীচে থাকা রেলগেটগুলির রক্ষণাবেক্ষণের প্রতিবছর রেল কর্তৃপক্ষকে কোটি কোটি টাকা খরচ করতে হয়।সেই খরচ কমানোর উদ্দেশ্যেই রেলগেট বন্ধ করার বিকল্প নিয়ে চিন্তাভাবনা চলছে। উল্লেখ্য, এর আগে ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে। এবার মহাবীরস্থানের দুটি রেলগেটও বন্ধ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
তবে মহাবীরস্থান এলাকার এই রেলগেট দুটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেগুলি বন্ধ হয়ে গেলে দৈনন্দিন যাতায়াতে সমস্যার মুখে পড়তে পারেন বহু মানুষ। রেলগেট বন্ধ হলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।





