শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ দুর্গাপুজোর অষ্টমীর রাতে মহিলাদের সঙ্গে অভদ্র আচরণের প্রতিবাদ করায় দুই যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্ত সাওন রাজ সাহাকে গ্রেফতার করলো পুলিশ।মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।অন্যদিকে এই মামলার আরও এক অভিযুক্ত শ্রীবন্ত রাজ সাহা এখনও পলাতক।
অভিযোগ, অষ্টমীর রাতে পুজো দেখতে বেরিয়ে সেবক রোডে একটি রেস্তরাঁয় দুই দম্পতির সঙ্গে অভিযুক্তরা অশালীন আচরণ করেন। এর প্রতিবাদ করায় শুভোজিৎ দত্ত ও বিক্রম চৌধুরী নামে দুই যুবককে মারধর করা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। হাসপাতালে গিয়েও তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।
এই ঘটনায় আগেই কৃষ সাহাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত। এবারে মূল অভিযুক্ত সাওন রাজ সাহাকে গ্রেফতার করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
ঘটনায় জড়িত অন্য অভিযুক্ত শ্রীবন্ত রাজ সাহার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।





