শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ শিলিগুড়ির শান্তিনগর এলাকায় এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খু*নের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
জানা গিয়েছে, শিউলি দত্ত নামে ওই স্কুল শিক্ষিকা বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় সজল দাস নামে এক ব্যক্তি তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় শিক্ষিকার গলা ও হাতে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে এবং হাসপাতালে চিকিৎসা চলছে।
অন্যদিকে, ঘটনার সময় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পরে অভিযুক্ত সজল দাসকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
এদিকে আহত শিক্ষিকার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মাঝেমধ্যেই রাস্তায় ওই শিক্ষিকাকে উত্যক্ত করত। এই নিয়ে আগে আশিঘর ফাঁড়ি এবং মহিলা থানাতেও অভিযোগ জানানো হয়েছিল বলে পরিবারের দাবি। প্রকাশ্য রাস্তায় এক স্কুল শিক্ষিকার উপর এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।





