রাজগঞ্জ ,২৮ অক্টোবরঃ কালীপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের মরসুমে প্লাস্টিকের ফুলের মালা গাঁথতে ব্যস্ত রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ি এলাকার ভেলকিপাড়ার মহিলারা।
সারাবছর টুকটাক কাজ চললেও পুজোর মরসুমে বাড়ে মালার চাহিদা। আর সেই সঙ্গে বাড়ে বাড়তি উপার্জনের আশাও। মালা তৈরি করে সামান্য যে টাকা হাতে আসে, তা দিয়েই পুজোর সময় সংসারের খরচ সামলানোর চেষ্টা করেন মহিলারা।
ভেলকিপাড়ার বেশ কয়েকটি পরিবারের মহিলারা বাড়িতে বসেই এই মালা তৈরির কাজ করেন। শিলিগুড়ির ফুলের কারখানা থেকে মালা তৈরির উপকরণ নিয়ে এসে সেগুলি গেঁথে আবার জমা দিয়ে আসেন। দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতীপুজো-সহ বিভিন্ন পুজোর জন্য তৈরি হয় নানা ধরনের মালা। বর্তমানে কালীপুজো উপলক্ষে জবা ফুলের মালা তৈরির কাজেও ব্যস্ত তারা।
এলাকার বাসিন্দা সংযুক্তি বর্মন প্রায় চার বছর ধরে এই কাজ করছেন। তার কথায়, কতটা উপার্জন হবে, তা নির্ভর করে কত মালা তৈরি করা যাচ্ছে তার উপর। পুজোর মরসুমে মালা গেঁথে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় হয় বলে জানান তিনি। সেই টাকা পুজোর খরচে কাজে লাগে। তার মতো এলাকার আরও ১০-১২ জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, মৌমিতা সিংহ বর্মন গত দুই-তিন বছর ধরে মালা তৈরির কাজ করছেন। বাড়ির কাজ সামলে অবসর সময়ে মালা গাঁথেন তিনি। তিনি বলেন, সাধারণ সময়ে কাজ ও উপার্জন কম থাকলেও পুজোর মরসুমে চাহিদা বাড়ে। কালীপুজোর আগে জবা ফুলের মালা তৈরির কাজ চলছে। পুজোর সময় এই কাজ থেকে দুই-তিন হাজার টাকা পর্যন্ত আয় হয় বলে জানান তিনি।





