শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে নেমে এক দুষ্কৃতী ও চুরির সামগ্রী কেনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বাগডোগরা থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ২৫ শে অক্টোবর রাঙাপানি এলাকায় এক ডাক্তারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির সমস্ত আসবাবপত্র ও এসি চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।পরবর্তীতে প্রতিবেশীর কাছে খবর পান তিনি।এরপর বাগডোগরা থানায় লিখিত অভিযোগ করেন বাড়ির মালিক।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাঙাপানির ধুধুজোত থেকে এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। ধৃতের নাম দেবাশিস মজুমদার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির সামগ্রী ক্রয়কারীর হদিশ পায় পুলিশ।এরপর চুরির সামগ্রী কেনার অভিযোগে নীলকমল ঘোষকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ক্রেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া এসি ও সোফা। ৩ হাজার টাকার বিনিময়ে চুরির সামগ্রী গুলি কিনেছিল বলে খবর।
অপরদিকে ধৃত চোরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাকি সামগ্রী।আজ ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।





