শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ খুঁটিপুজোর মধ্য দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সন্ধানী ক্লাব। এবারের বিশেষ আকর্ষণ ‘পটচিত্র কথা’ থিম, যার মাধ্যমে বাংলার লোকশিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হবে।
এবছর ৫১তম বর্ষে পদার্পণ করছে শিলিগুড়ির সন্ধানী ক্লাবের কালীপুজো। একসময় বাংলার গ্রামে গ্রামে পটুয়ারা পটচিত্রের মাধ্যমে দেবদেবীর মাহাত্ম্য, পৌরাণিক কাহিনি এবং সমাজজীবনের নানা গল্প তুলে ধরতেন। সেই প্রাচীন শিল্পধারাকেই আধুনিক মণ্ডপসজ্জার মাধ্যমে জীবন্ত করে তোলার পরিকল্পনা নিয়েছে সন্ধানী ক্লাব।
পুজো কমিটির সম্পাদক অভিজিৎ হালদার জানান, বাংলার মাটি, মানুষ ও হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই থিমের মূল উদ্দেশ্য। পটচিত্র, মাটির কলসি এবং পৌরাণিক কাহিনির চিত্রায়ণে সাজিয়ে তোলা হবে মণ্ডপ। আলোকসজ্জার মাধ্যমেও ফুটিয়ে তোলা হবে বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা দিক।
শুধু জাঁকজমক নয়, বাংলার শিকড় ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এবারের কালীপুজোয় দর্শনার্থীদের মন জয়ের আশায় সন্ধানী ক্লাব।




