শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ ছাত্রীদের আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তুলতে উদ্যোগী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শিলিগুড়ির শালবাড়িতে বনবাসী কল্যাণ আশ্রমে আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গ প্রদেশের ‘মিশন সাহসী’ প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান সংগঠনের সদস্যরা।
ABVP-র তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ১২টি সাংগঠনিক জেলা থেকে ছাত্রীরা এই প্রশিক্ষণে অংশ নেবেন। হাতের কাছে থাকা ওড়না, কলম ও চুলের ক্লিপের মতো সাধারণ জিনিস ব্যবহার করে কীভাবে বিপদের সময় আত্মরক্ষা করা যায়, তা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের জেলায় ফিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য ছাত্রীদেরও আত্মরক্ষার কৌশল শেখাবেন।
সংগঠনের বক্তব্য, নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে ছাত্রীদের আত্মরক্ষার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এবারের শিবিরে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত কার্যকর্তার পাশাপাশি দুজন পেশাদার প্রশিক্ষক প্রশিক্ষণ দেবেন।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ABVP-র জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য তথা রাজ্য গার্লস ইনচার্জ পূজা রাম, রাজ্য যুগ্ম সম্পাদক অদিতি বিশ্বাস, রাষ্ট্রীয় কলামঞ্চের কনভেনার সুস্মিতা অধিকারী এবং স্নেহা রায়।





