শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ গ্রামীণ সম্পদ কর্মীদের সম্মানিক বৃদ্ধি থেকে শুরু করে পঞ্চায়েতের আয় বাড়ানো, একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে যোগ দিয়ে আগামী দিনে গ্রামীণ উন্নয়নের কাজ আরও জোরদার করার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ জানান, রাজ্য সরকার ক্ষমতায় আসার পর গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সম্মানিক বাড়ানো হয়েছে। আগামী দিনেও তা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে সম্মানিক বৃদ্ধির পাশাপাশি কর্মীদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার উপরেও জোর দেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি জিরামজি প্রকল্পের কাজের গতিও বাড়ানো হবে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী।
আগামী পাঁচ মাসের মধ্যে বিভিন্ন গ্রামে একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে পঞ্চায়েতগুলির নিজস্ব আয় বাড়ানোর উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজ বাড়লে পঞ্চায়েতের আর্থিক ভিত আরও মজবুত হবে। একইসঙ্গে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করুন, সরকারও তাঁদের কথা ভাববে। সরকার ও কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, আবাস যোজনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, এই প্রকল্পে প্রায় ৫৫ লক্ষ আবেদন জমা পড়েছে। তাঁর দাবি, এর মধ্যে অনেক ভুয়ো আবেদন রয়েছে, যা যাচাই করে বাদ দেওয়া হবে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় কর্মীর অভাব দূর করতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাসও দেন তিনি। গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করা, পঞ্চায়েতগুলির আয় বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করাই আগামী দিনের অন্যতম লক্ষ্য বলে সমাবেশ থেকে বার্তা দেন পঞ্চায়েত মন্ত্রী।





