শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ শিলিগুড়ির শান্তিনগরে গুলি চালিয়ে সোনা ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এখনও এলাকায় আতঙ্কের পরিবেশ। ঘটনার পর শুক্রবার সকালে এলাকায় গেলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী।
এদিন ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ক্ষতিগ্রস্ত সোনা ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানতে চান তিনি। পাশাপাশি আতঙ্কিত পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।
বিধায়ক শিখা চ্যাটার্জী জানান, পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এরপর আশিঘর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গেও কথা বলেন বিধায়ক। তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ কী কী তথ্য সংগ্রহ করেছে এবং দুষ্কৃতীদের ধরতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় খোঁজখবর নেন তিনি। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান।





