শিলিগুড়ি, ৩০ অক্টোবর: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে হাসিমারা থেকে এক সেনা জওয়ানকে গ্রেফতার করলো পাঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিং।পাঞ্জাবের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সহযোগীদের সঙ্গে মিলে সেনা ছাউনি সংক্রান্ত গোপন তথ্য আইএসআই-এর কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে ফাজিলকা’র স্টেট স্পেশাল অপারেশন সেলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি মামলা রুজু করা হয়।
গ্রেফতারের পর শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত দুদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর তাকে ফাজিলকার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। এরপর ধৃতকে নিয়ে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।
এই ঘটনার সঙ্গে জড়িত গুপ্তচর নেটওয়ার্ক এবং অন্যান্য সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।





