শিলিগুড়ি, ৩০ অক্টোবর: শিলিগুড়ির এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে শিলচর-অরুণাই এক্সপ্রেসের এসি কামরা থেকে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করলো শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ। এই ঘটনায় দুই মহিলা সহ গ্রেফতার তিনজন।
গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপি যৌথভাবে অভিযান চালায়। ট্রেনের এসি কামরায় তল্লাশির সময় সন্দেহ হওয়ায় দুই মহিলা ও এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের লাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ২৫০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন অসম থেকে চেন্নাই যাচ্ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদক চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।





