শিলিগুড়ি, ৩১ অক্টোবর: ৯১ লক্ষ টাকারও বেশি সাইবার প্রতারণার ঘটনায় এবার পুলিশের জালে বেসরকারি ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার।ধৃতের নাম অনির্বাণ সিকদার। তরুণীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা লেনদেনে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ম্যানেজারকে।
পুলিশ সূত্রে খবর, এই সাইবার প্রতারণার ঘটনায় আগেই গ্রেফতার হয় ১৯ বছর বয়সী তরুণী মনীষা মণ্ডল। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সেই সূত্র ধরেই তদন্তকারীদের নজরে আসেন ব্যাংকের এই আধিকারিক।
তদন্তে পুলিশের দাবি, তৃতীয় এক ব্যক্তির নির্দেশে প্রয়োজনীয় নথিপত্র ও ঠিকানা যাচাই না করেই সমরনগরের একটি ভুয়ো ঠিকানায় মনীষার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন অনির্বাণ। আশ্চর্যের বিষয়, অ্যাকাউন্ট খোলার পরই ওই অ্যাকাউন্টে জমা পড়ে সাইবার প্রতারণার ৯১ লক্ষ ২১ হাজার ৮০৮ টাকা। পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট খোলার সময় অনির্বাণ সেবক রোডে ব্যাঙ্কের শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্ধমান রোডের গোল্ডেন প্লাজা বিল্ডিংয়ের প্রধান শাখায় ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পান।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের মাধ্যমে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগে গত ২৬ অক্টোবর অপারেশন সাইবার প্রহরের অধীনে মনীষা মণ্ডলকে গ্রেফতার করেছিল প্রধাননগর থানার পুলিশ।ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে গত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস ধরে এই ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ।
ধৃত ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা জড়িত, কীভাবে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে এবং এর পিছনে আরও কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





