রাজগঞ্জ, ৩১ অক্টোবরঃ রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়ার আইসিডিএস সেন্টারের বেহাল দশা। পিলারের কংক্রিট খসে বেড়িয়ে এসেছে রড, যেকোনও মুহূর্তে মাথায় পড়তে পারে ঘর।বিপজ্জনক অবস্থায় রাজগঞ্জের এই আইসিডিএস সেন্টার।
জানা গিয়েছে, ১৯৯৬ সালে তৈরি হয়েছিল সেন্টারটি। বর্তমানে পরিকাঠামো বেহাল, খুটি খয়ে গিয়েছে, মেঝের প্লাস্টারও উঠে গেছে। নেই প্রাচীর। সেখানে বসে এলাকার শিশু পড়বে, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তার উপর কয়েক বছর ধরে নেই স্থায়ী কোনও দিদিমনি। শুধুমাত্র রান্না করা খাবার দিয়েই চলছে কেন্দ্রের পরিষেবা।
কান্তিপাড়া, ময়নাডাঙ্গি ও মান্তাপাড়া, এই তিন গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা ও বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের পরিকাঠামো এবং পরিষেবা একাধিক প্রশ্ন।
কেন্দ্রের কর্মী সুনীতি রায় জানান, রান্না করে শিশুদের খাবার দেওয়ার পাশাপাশি গর্ভবতী মহিলা ও মায়েদের পরিষেবা দেওয়ার কাজও করতে হয়। শিশুদের পড়ানোর দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই।আগে গায়ত্রী সিংহ নামে এক কর্মী ছিলেন। পরে তিনি অন্যত্র চলে যান।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত এবং প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।





