শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ দুর্গাপুজোয় ডিজে বাজানো বন্ধ রাখার ক্ষেত্রে শহরের পুজো কমিটিগুলির উদ্যোগের প্রশংসা করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ।আগামীদিনেও যাতে এই সচেতনতা বজায় থাকে, সেই আবেদন জানালেন তিনি।কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজির ব্যবহার নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন মন্ত্রী।
শনিবার কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক দাবি নিয়ে মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে স্মারকলিপি জমা দেয় হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। এদিন বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনও করেন সংগঠনের সদস্যরা। দুর্গাপুজোর সময় শহরের বিভিন্ন পুজো কমিটি যেভাবে ডিজে ব্যবহার থেকে বিরত থেকেছে, তার জন্য তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীদিনেও এই উদ্যোগ বজায় রাখার আবেদন জানানো হয়।
মন্ত্রী জানান, ইতিমধ্যেই শব্দবাজি নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকাগুলি মেনে চলা প্রত্যেকের দায়িত্ব।দুর্গাপুজোয় ডিজে বন্ধ রাখার ক্ষেত্রে পুজো কমিটিগুলির যে সহযোগিতা দেখা গিয়েছে, তা আগামীদিনেও বজায় থাকুক। একইভাবে দীপাবলিতে শব্দদূষণকারী আতশবাজি ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। তবে নিয়ম অমান্য করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলা জানান তিনি।





