রাজগঞ্জ, ৫ অক্টোবরঃ মালবাহী লরির কেবিনের ক্যারিয়ারে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা। উদ্ধার ৫০ কেজি গাঁজা , গ্রেফতার চালক। ধৃতের নাম জাহানুর আলী মিয়া।
জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় ভোরের আলো থানার পুলিশ। সেইসময় একটি সন্দেহজনক মালবাহী লরি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে লরির কেবিনের উপরের মালপত্র রাখার ক্যারিয়ারে চারটি নীল রঙের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।
এই ঘটনায় লরির চালক জাহানুর আলী মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে ভিন্রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপির উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদক এবং লরিটি বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।





