রাজগঞ্জ, ৫ অক্টোবরঃ রাজগঞ্জের প্রধানপাড়া গমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন বিধায়ক দীনেশ সরকার। স্কুলের বাউন্ডারি ওয়াল-সহ একাধিক সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক।
এদিন পরিদর্শনে বিধায়কের সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম রায়, সমাজসেবী সনাতন ভৌমিক-সহ অনেকে।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের পরিকাঠামো ঘুরে দেখেন তারা। স্কুলের বাউন্ডারি ওয়াল না থাকা, জলের সমস্যা এবং একটি ঘরের দেওয়ালের খারাপ অবস্থার কথা তাদের জানানো হয়। বিশেষ করে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্কুল কর্তৃপক্ষ।
সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন বিধায়ক। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিও বিষয়টি দেখবেন বলে জানান। সকলের সহযোগিতায় স্কুলের সমস্যাগুলির সমাধানে চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।




