বাগডোগরা, ৫ অক্টোবরঃ কালো চারচাকা গাড়িতে গোপন চেম্বার বানিয়ে সোনা পাচারের চেষ্টা।বাগডোগরা পুলিশের সর্তকতায় সোনা পাচারের ছক বানচাল হল। ৪৬৬ গ্রাম সোনার বিস্কুট সহ গ্রেফতার ২ জন।ধৃতরা হল শবন কুমার ও রমন কুমার, দুজনেই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে বিহারে চার চাকার গাড়িতে গোপন চেম্বার বানিয়ে সোনা পাচারের ছক ছিল। বাগডোগরার এয়ারপোর্টমোড়ে অভিযান চালিয়ে চারচাকার গাড়ি আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট।
উদ্ধার হওয়া সোনার বৈধ নথি না পেয়েই গ্রেফতার করা হয় দুজনকে। বাজেয়াপ্ত করা হয় চারচাকার গাড়ি।উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।




