শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ পাহাড়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহার ছেলে অভিষেক সাহার। শোকের ছায়া বিধান মার্কেটে।
জানা গিয়েছে, রবিবার রাতে অভিষেক সাহা তার কয়েকজন বন্ধুর সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনায় অভিষেক সাহার মৃত্যু হয়।একই ঘটনায় আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে অভিষেকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। আজ মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান বন্ধ রেখে বাপি সাহা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
তবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এক সদস্য স্পষ্ট করে জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বন্ধ বা দোকান বন্ধ রাখার ডাক দেওয়া হয়নি। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছায় এবং ব্যক্তিগতভাবে বাপি সাহার পরিবারের পাশে দাঁড়াতে দোকান বন্ধ রেখেছেন।




