জলপাইগুড়ি, ৫ অক্টোবরঃ পুজোর আগে অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে জলপাইগুড়ির একাধিক বেসরকারি হাসপাতালে অভিযান চালালো দমকল দফতর। হাসপাতালগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক রয়েছে কিনা, তা পরিদর্শন করেন আধিকারিকরা।
জানা গিয়েছে, এদিন হাসপাতালের অগ্নিনির্বাপণ সরঞ্জাম, করিডর এবং জরুরি পরিস্থিতিতে রোগী ও সাধারণ মানুষের প্রবেশ-বেরোনোর উপযুক্ত ব্যবস্থা রয়েছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ চালানোর ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে ক না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা।
দমকল দফতরের তরফে জানানো হয়েছে, শুধু হাসপাতাল নয়, পুজোর আগে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলগুলিতেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও নিয়মের ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ধরা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।





