নকশালবাড়ি, ৫ অক্টোবরঃ বোনাসের দাবিতে আন্দোলনে নকশালবাড়ি চা বাগানের শ্রমিকরা। ৫ অক্টোবরের মধ্যে চা বাগানে বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বাগান কর্তৃপক্ষের টনক নড়ছে না। যে কারণে নিজেদের প্রাপ্য বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা।
অভিযোগে, গতবছরের ৩ শতাংশ বোনাস এখনো বকেয়া রয়েছে। এর মধ্যেই এবছরের ২০ শতাংশ বোনাস দিতেও টালবাহানা করছে বাগান কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, অর্গানিক পদ্ধতিতে চা পাতা হয় নকশালবাড়ি বাগানে। চা শ্রমিকদের বছরের প্রতিদিন বাগানে খেটে কাজ করলেও বোনাসের সময় আসতেই চলে এই টালবাহানা।চা মালিক ব্রিটিশ সরকারের মতো মনোভাব পোষণ করছে। গতকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। এবছরের ২০ শতাংশ ও গত বছরের ৩ শতাংশ বোনাস প্রদান না করা হলে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
এই বিষয়ে বাগানের ম্যানেজার পেট্রিক তামাং ফোনে জানান, মালিকপক্ষকে জানানো হয়েছে। ১০ শতাংশ বোনাস দেওয়ার কথাবার্তা চলছে। বাগান আর্থিক সংকটের কারণে এই সমস্যা হচ্ছে।





