শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ রাজস্থানের তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রায় এক মাস পর তার প্রেমিককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম রানা দে। ফকদইবাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা শিবানি ২০২৩ সালে কাজের সন্ধানে শিলিগুড়িতে আসে। শহরের একটি পাব ও বারে গান করতো সে।সেই সূত্রে রানা দের সঙ্গে যুবতীর পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আড়াই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।
শিবানির বাবা অজিত সিং ভক্তিনগর থানায় লিখিত অভিযোগে তার মেয়ের মৃত্যুর জন্য রানাকে দায়ী করে। অভিযোগ, রানা শিবানির কাছ থেকে টাকা নিত। সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে তাকে নানাভাবে হয়রানি করা হত। এমনকি রানার ভাইও শিবানিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন মৃতার বাবা।
অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট রাজস্থানে নিজের বাড়িতে গিয়েছিল শিবানি। ২৮ আগস্ট শিলিগুড়িতে ফিরে আসে।
গত ৭ সেপ্টেম্বর এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যায় শিবানি। পরের দিন ভোরে পিজিতে ফিরে আসে। এরপর তার বন্ধুরা পিজিতে এসে দেখে, শিবানির ঘরের দরজা বন্ধ।পরে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার দুদিন পর ১০ সেপ্টেম্বর, শিবানির পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়। মৃতার মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ চ্যাট-সহ বিভিন্ন তথ্য ও প্রমাণও সংগ্রহ করেন তদন্তকারীরা।
সেই তথ্য ও প্রমাণের ভিত্তিতেই সোমবার ফকদইবাড়ি থেকে রানা দে কে গ্রেফতার করা হয়।মঙ্গলবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।





