ফুলবাড়ি ১২ অক্টোবরঃ ব্যাংকের কাজ সেরে ফেরার পথে বিপত্তি, ফুলবাড়ির আমায়দিঘি সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু গৃহবধূর। গুরুতর আহত হয়েছেন তার স্বামী।মৃতার নাম ফজিরন খাতুন। তার স্বামীর নাম আখতার আলী। রাজগঞ্জের ভান্ডারীগছ এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন ব্যাংকের কাজে ফুলবাড়িতে এসেছিলেন আখতার আলী ও তার স্ত্রী। ব্যাংকের কাজ সেরে বাইকে করে বাড়ি ফেরার সময় আমায়দিঘি সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির লরি তাদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফজিরন খাতুনের। গুরুতর আহত হন তার স্বামী।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আহত আখতার আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবার ও এলাকায়।





