শিলিগুড়ি, ১২ অক্টোবর: বকেয়া আয়কর আদায়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলো আয়কর দফতর। প্রায় দেড় কোটি টাকা বকেয়া কর আদায়ের লক্ষ্যে ব্যবসায়ী রাকেশ কুমার শ্রীবাস্তবের নামে থাকা নকশালবাড়ির মা সারদা রেসিডেন্সি রিসর্টের স্থাবর সম্পত্তিতে বাজেয়াপ্ত করার নোটিশ লাগিয়ে দিল আয়কর দফতর।
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী রাকেশ কুমার শ্রীবাস্তবের নামে মোট দেড় কোটি টাকা আয়কর বকেয়া রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা জমা না দেওয়ায় শিলিগুড়ির আয়কর দফতরের ট্যাক্স রিকভারি অফিসার এর পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে।
আয়কর আইন, ১৯৬১-এর দ্বিতীয় তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোটিশে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না।
এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





