শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ পুজোর মুখে ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দেওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি মানুষ। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে অবিলম্বে ফুলেশ্বরী রেলগেট খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদে সরব হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শিলিগুড়ির ২৪ নম্বর শাখা। এই দাবিতে এডিআরএম দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
অভিযোগ, কোনও বিকল্প যাতায়াত ব্যবস্থার পর্যাপ্ত সুবিধা ছাড়াই রেলগেট বন্ধ থাকায় প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে গিয়ে সময় নষ্ট হওয়ার পাশাপাশি যানজট ও অতিরিক্ত ভোগান্তির আশঙ্কাও বাড়ছে বলে দাবি তাদের।
অন্যদিকে, পুজোর মরশুমে রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় ফুলেশ্বরী এলাকার ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। পুজোর আগে বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার কথা থাকলেও যাতায়াতের অসুবিধার কারণে ব্যবসা-বাণিজ্যে তার প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সিপিআইএমের ২৪ নম্বর শাখার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত ফুলেশ্বরী রেলগেট খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রেলগেট বন্ধ রাখার পিছনে কী কারণ রয়েছে, তা স্পষ্ট করারও দাবি উঠেছে।





