শিলিগুড়ি, ১১ অক্টোবরঃ বিশ্বজুড়ে যুদ্ধের উত্তেজনা ও অস্থিরতার আবহে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবারের কালীপুজোয় বিশেষ উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির বাবুপাড়া বয়েজ ক্লাব। তাদের এবারের পুজোর থিম ‘শান্তির সন্ধান’। যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলার বার্তাই তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা।
প্রতি বছরের মতো এবারও বাবুপাড়া বয়েজ ক্লাবের নিজস্ব ময়দানে আয়োজিত হতে চলেছে শ্যামাপুজো। রবিবার অনুষ্ঠিত হল খুঁটিপুজো। খুঁটিপুজোর মধ্য দিয়েই শুরু হয়ে গেল এবারের পুজোর প্রস্তুতি।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের তৎপরতা ও সংঘাতের কারণে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। এই পরিস্থিতিতে পুজোর থিমের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি ও মানবতার বার্তা পৌঁছে দেওয়াই ক্লাবের মূল লক্ষ্য।
উদ্যোক্তাদের আশা, প্রতিবছরের মতো এবারও তাদের পুজো শহরবাসীর নজর কাড়বে। বিশেষ করে ‘শান্তির সন্ধান’ থিমের মাধ্যমে শান্তির যে বার্তা তুলে ধরা হবে, তা দর্শনার্থীদের মনে বিশেষ প্রভাব ফেলবে বলেই আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।





