শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হল দেবীপক্ষের। মহালয়ার পুণ্যলগ্নে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন বহু মানুষ। শনিবার ভোর থেকেই শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করতে ভিড় জমান শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের আত্মার শান্তি কামনায় গঙ্গা ও বিভিন্ন নদীর ঘাটে জল অর্পণ করে বিশেষ ধর্মীয় আচার পালন করেন মানুষ। সেই রীতি মেনেই এদিন ভোর থেকে মহানন্দা নিরঞ্জন ঘাটে চলে তর্পণ পর্ব।
মহালয়াকে কেন্দ্র করে সকাল থেকেই ঘাটে ছিল বহু মানুষের ভিড়।প্রতিবছরই মহালয়ার সকালে এই ঘাটে বহু মানুষের সমাগম হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
এদিন সকালে মহানন্দা নদীর ঘাট পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ায় শহরজুড়ে এখন দুর্গাপুজোর প্রস্তুতি ও উৎসবের আমেজ। পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে বাঙালির মনে প্রানে এখন শুধুই মা দুর্গার আগমনের প্রতীক্ষা।





