শিলিগুড়ি, ১০ অক্টোবর: বাগডোগরা বিমানবন্দরে গত ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলা ‘যাত্রী সেবা অভিযান’-এর সমাপ্তি হল শনিবার। যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান, বিমানবন্দর চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিমানযাত্রাকে আরও সহজ ও আরামদায়ক করে তোলার লক্ষ্যেই এই অভিযানের আয়োজন করা হয়েছিল।
বিমানবন্দরের ডিরেক্টর জানান, এই অভিযানে যাত্রীদের বিভিন্ন অভিযোগ, প্রতিক্রিয়া ও পরামর্শের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি টার্মিনাল ভবন, শৌচাগার-সহ বিমানবন্দরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের বিষয়টিও দেখা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধাগুলিরও পর্যালোচনা করা হয়।
যাত্রীদের সঙ্গে কর্মীদের ব্যবহার আরও উন্নত করা এবং যাত্রীকেন্দ্রিক পরিষেবা প্রদানের বিষয়ে কর্মীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।
এই অভিযানের মাধ্যমে উত্তরবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগও নেওয়া হয়। সেই লক্ষ্যে গত ১৭ ও ২৭ সেপ্টেম্বর লোকনৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় হস্তশিল্প প্রদর্শনী।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের কাছ থেকে পাওয়া মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামীদিনে বিমানবন্দরের পরিষেবা ও সুযোগ-সুবিধার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।





