শিলিগুড়ি,১২ অক্টোবরঃ বস্তিবাসীদের উচ্ছেদ এবং রেল স্টেশনে হকারদের উচ্ছেদের প্রতিবাদে এডিআরএম দপ্তরে ডেপুটেশন জমা দিল সিপিআইএম।
সিআইটিইউ, বস্তি উন্নয়ন সমিতি ও বারো জুলাই কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের বক্তব্য, বস্তিবাসী ও রেল স্টেশনের হকারদের জীবিকা ও বাসস্থানের সঙ্গে তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত। তাই বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা উচিত নয়। অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে এদিন সরব হন তারা।
এদিন আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল এডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বস্তিবাসী ও রেল স্টেশনের হকারদের উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানানো হয়।





