নকশালবাড়ি, ১২ অক্টোবরঃ চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মেনে পুজোর মুখে নকশালবাড়িতে রাস্তা সংস্কারের কাজ শুরু হল।
নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের জাবরা মোড় থেকে জাবরা ডিভিশন পর্যন্ত ১.৩ কিমি গ্ৰামীন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। হাসপাতাল থেকে শুরু করে স্কুল, কলেজ কিংবা সরকারি অফিস যেতে গেলে এই গর্ত ও ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতো চা বলয়ের বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো গুরত্ব দেওয়া হয়নি।অবশেষে পুজোর মুখে গ্ৰামে রাস্তা সংস্কারের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও। এই রাস্তা তৈরি করতে বরাদ্দ হয়েছে ২০ লক্ষ ৭৮ হাজার টাকা। ২ মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ঠিকাদারি সংস্থাকে।
রাস্তার শিলান্যাস করে চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল পুজোর আগেই এই গ্রামীন রাস্তা তৈরি করার। তবে সরকারি পোর্টালে সমস্যা থাকায় একটু দেরি হয়েছে। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের সমস্যা নিয়েই চলাচল করতে হয়েছে। তবে আমরা ২ মাসের মধ্যেই এই রাস্তা তৈরি করবো।





