রাজগঞ্জ, ১২ অক্টোবরঃ বাড়ির কালীমন্দিরের তালা ভেঙে চুরি, উধাও সোনা-রুপোর গয়না। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের ভুটকিতে। শুধু মন্দিরে চুরিই নয়, দু’দিন আগে একটি বড় মালবাহী গাড়ি থেকে প্রায় ১২ হাজার টাকার তেল চুরির অভিযোগও উঠেছে। পরপর চুরির ঘটনায় উদ্বেগে এলাকার বাসিন্দারা।
পরিবারের সদস্য লিটন পাল জানান, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্দিরের গেটের তালা ভাঙা দেখতে পান। এরপর মন্দিরের ভেতরে ঢুকে দেখা যায়, কালীমার সোনার চোখ, সোনার টিপ, রুপোর হাতের চুড়ি ও বালা এবং খড়্গ চুরি হয়েছে। পাশাপাশি, রাধাকৃষ্ণের বিগ্রহের সোনার কানের গয়না ও গলার চেনও উধাও বলে অভিযোগ।
লিটন পাল আরও জানান, বাড়ির একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। অন্য একটি ক্যামেরা মোজা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তবে আরেকটি ক্যামেরার ফুটেজে মুখ ঢাকা এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে তার দাবি।ওই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে দুদিন আগে রাতে বাড়ির পাশে দাঁড় করানো একটি বড় মালবাহী গাড়ি থেকে প্রায় ১২ হাজার টাকার তেল চুরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরপর এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





