খড়িবাড়ি, ১২ অক্টোবরঃ খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে সীমান্ত পারাপারের আগে গ্রেফতার হল এক মানব পাচারকারী।
জানা গিয়েছে, রবিবার এক ব্যক্তি নাবালিকাকে নিয়ে সীমান্ত পারাপার করতে গেলে নথি খতিয়ে দেখে সন্দেহ হয় সীমান্তে টহলরত এসএসবির জওয়ানদের।জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য উঠে আসে।
নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।এরপরই আটক করা হয় ব্যক্তিকে। পরে নাবালিকার কাছে থেকে আরও এক নাবালিকার সন্ধান পাওয়া যায়।এরপর শিলিগুড়ি থেকে সেই নাবালিকাকে উদ্ধার করে এসএসবি, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এসএসবি সূত্রে খবর, নাবালিকাদের কাজের প্রলোভন দেখিয়ে মিজোরাম থেকে নেপালে পাচারের ছক ছিল অভিযুক্তের।পরবর্তীতে ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশ হাতে তুলে দেয় এসএসবি।
মানব পাচারের অভিযোগে মহেশ ভুরালাল তান্নাকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃত ভুটানের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।





