রাজগঞ্জ, ৯ সেপ্টেম্বরঃ রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া বিএফপি স্কুলে চুরি।মিড-ডে মিলের সামগ্রী ও গ্যাস সিলিন্ডার উধাও।
বুধবার সকালে চুরির ঘটনাটি নজরে আসে। স্কুলে এসে দরজা খুলতে গিয়ে চক্ষু চড়কগাছ শিক্ষকদের।দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, আলমারির দরজা খোলা। মিড-ডে মিলের সামগ্রী রাখা আলমারি থেকে একাধিক জিনিসপত্র উধাও। পাশাপাশি বইপত্র ও পড়ুয়াদের খেলার সরঞ্জামও চুরি হয়েছে বলে অভিযোগ।
স্কুলের প্রধান শিক্ষক নিমাই পাল জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুলে এসে প্রথমে মূল ঘরটি খুলতে যান। তখনই দরজার হ্যাজবোলের রিং কাটা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, অন্যান্য জিনিসপত্র ঠিক থাকলেও আলমারিগুলি খোলা রয়েছে। একটি আলমারিতে রাখা মিড-ডে মিলের সামগ্রী চুরি হয়ে যায়। এছাড়াও বইপত্র ও পড়ুয়াদের খেলার কিছু সরঞ্জাম পাওয়া যাচ্ছে না।
এরপর স্কুলের মিড-ডে মিলের রান্নাঘরে গিয়ে একইভাবে হ্যাজবোল ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষকরা। রান্নাঘরে থাকা বাসনপত্র, গ্যাস ওভেন এবং খালি সিলিন্ডার ঠিক থাকলেও একটি ভর্তি গ্যাস সিলিন্ডার উধাও হয়েছে বলে জানা যায়।
প্রধান শিক্ষক নিমাই পালের অভিযোগ, স্কুলে এর আগেও একাধিকবার ক্ষয়ক্ষতি ও চুরির ঘটনা ঘটেছে। পড়ুয়াদের জন্য বসানো ফিল্টার করা পানীয় জলের পাইপলাইনও বারবার কেটে দেওয়া বা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে।
নতুন করে চুরির ঘটনায় রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।





