শিলিগুড়ি, ২ মার্চঃ এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের বাইরে বিক্ষোভে সামিল হল এসইউসিআই। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, এদিন মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছান SUCI কর্মী-সমর্থকরা।মূল গেটের সামনে পুলিশ তাদের বাঁধা দেয়।এরপরই বিক্ষোভকারীরা বাঁধা সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে।এরফলে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দফতরের গেট বন্ধ করে দেওয়া হয়।এরপর গেটের বাইরেই স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা ।
সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য জানান, আজ আমরা ডেপুটেশন দিতে মহকুমা শাসকের দফতরে এসেছিলাম। রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন, তার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ। আমাদের শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও প্রশাসন অযথা বাধা দেয়।
ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
