জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ চা বাগানের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায়। মৃত যুবকের নাম মনোজিৎ রায়।
জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি বাইক পড়ে থাকতে দেখেন।পরে কাছে গিয়ে দেখতে পান এক যুবকের মৃতদেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের দাবি, শনিবার রাতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মনোজিৎ।রাতেই বাইকে করে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
স্থানীয়দের অনুমান, গভীর রাতে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় একটি বাঁক নিতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই মনোজিৎ-এর মৃত্যু হয়ে থাকতে পারে।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





