ফুলবাড়ি, ৭ অক্টোবরঃ চিতাবাঘ খুঁজতে দিনভর হুলস্থুল কান্ড, রাতে উদ্ধার হল ‘বিড়াল’! অবশেষে আতঙ্কমুক্ত হল ফুলবাড়ির পুটিমারি এলাকা।
ফুলবাড়ির পুটিমারি এলাকায় মঙ্গলবার সকাল থেকে চিতাবাঘের আতঙ্কে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঘটে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। চিতাবাঘের খোঁজে দিনভর তল্লাশি চালান আমবাড়ি রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। সঙ্গে উৎসুক মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত চলতে থাকে চিতাবাঘের খোঁজ।অবশেষে রাত প্রায় ১০টা নাগাদ বনদপ্তরের কর্মীরা উদ্ধার করেন একটি বিড়াল।চিতাবাঘ ধরতে এসে বিড়াল উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় তৈরি হয় হাসির পরিস্থিতি।
তবে চিতাবাঘের দেখা মেলার দাবিকে ঘিরে দীর্ঘসময় আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা।রাত বাড়তেই তল্লাশি শেষ করে স্বস্তি ফেরে পুটিমারি এলাকায়। আপাতত ‘চিতাবাঘের আতঙ্ক’ থেকে মুক্তি মিললেও, বিড়াল উদ্ধারের ঘটনা এখন এলাকায় চর্চার বিষয়।





