রাজগঞ্জ, ৭ অক্টোবরঃ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল এক বাইক চালকের, গুরুতর আহত তার স্ত্রী।রাজগঞ্জের ভুটকির হাটে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে একটি বাইকে বিদ্যুৎ রায় ও তার স্ত্রী ময়নাগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়।সংঘর্ষের জেরে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। দুমড়ে-মুচড়ে যায় বাইকের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিদ্যুৎ রায়ের। তার বাড়ি ময়নাগুড়িতে।
এই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও অপর মালবাহী গাড়িটি পালিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।





