শিলিগুড়ি, ৬ অক্টোবর: দুর্গাপুজোর আগে সোনা পাচারের ঘটনায় বড়সড় সাফল্য পেল ডিআরআই এর শিলিগুড়ি ইউনিট। কোচবিহারের নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি ৩৬ লক্ষ ৫১ হাজার টাকার সোনা উদ্ধার করেছে ডিআরআই।অভিযানে ৮ কেজি ৩৫২ গ্রাম ওজনের ৭২টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেফতার চারজন।
ধৃতদের নাম দিনহাটার বাসিন্দা রশিদুল শেখ, মনোয়ার রহমান, মাবিদুল শেখ এবং মিজানুর রহমান।
ডিআরআই সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে নিউ টাউন এলাকায় নজরদারি চালাচ্ছিলেন আধিকারিকরা। সেই সময় দিনহাটার দিক থেকে দুটি মোটরবাইকে করে আসা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথায় অসঙ্গতি ধরা পড়তে শুরু হয় তল্লাশি।
তল্লাশির সময় রশিদুল শেখের কোমরে বিশেষভাবে তৈরি কাপড়ের বেল্টের মধ্যে লুকিয়ে রাখা ৪৩টি সোনার বিস্কুট উদ্ধার হয়। অন্যদিকে, মাবিদুল শেখের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২৯টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার উপর বিদেশি মার্কিংও পাওয়া গিয়েছে।
ডিআরআই-সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই সোনা ভারতে আনা হয়েছিল। পাচারে ব্যবহৃত দুটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।
চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। চারজনের জামিনের আবেদন খারিজ করে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
ডিআরআই-এর আইনজীবী রতন বণিক জানান, এখনও পর্যন্ত ডিআরআই-এর বড়সড় সোনা উদ্ধারের ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম। গোটা পাচারচক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে ডিআরআই।





