শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের আবর্জনা পরিষ্কার এবং বর্জ্য পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পুরনিগমে যুক্ত হল ১২টি নতুন গাড়ি। বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের কর্মীরাও উপস্থিত ছিলেন। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, নতুন গাড়িগুলির মধ্যে চারটি আর্থমুভার এবং আটটি ডাম্পার রয়েছে।
শহরের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকা থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ আবর্জনা জমা হয়, তা দ্রুত সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার কাজে এই গাড়িগুলি ব্যবহার করা হবে। বিশেষ করে নিয়মিত আবর্জনা পরিষ্কার এবং সংগৃহীত বর্জ্য পরিবহণের ক্ষেত্রে নতুন গাড়িগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। এতদিন পুরনিগমের হাতে থাকা গাড়িগুলির মাধ্যমেই শহরের বিভিন্ন প্রান্তে বর্জ্য সংগ্রহ ও পরিবহণের কাজ চলছিল। নতুন গাড়ি যুক্ত হওয়ায় সেই পরিকাঠামো আরও বাড়ল।
জানা গিয়েছে, মোট প্রায় ৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ১২টি নতুন গাড়ি কেনা হয়েছে। উদ্বোধনের পর থেকেই গাড়িগুলিকে পুরনিগম এলাকার বর্জ্য পরিষ্কারের কাজে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন অনুষ্ঠানে মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, শহরের পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে পুরনিগমের পরিকাঠামো উন্নত করা হচ্ছে। নতুন গাড়িগুলি যুক্ত হওয়ার ফলে আবর্জনা সংগ্রহ ও পরিবহণের কাজে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।





