রাজগঞ্জ, ৭ অক্টোবরঃ সাতসকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের সাহুডাঙ্গির ক্যানাল মোড়ে।
বুধবার সকালে সাহুডাঙ্গি থেকে গজোলডোবার দিকে যাওয়ার পথে রেলওয়ে ফ্লাইওভারের নিচে, রেললাইনের কিছুটা দূর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।
স্থানীয়দের দাবি, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তারা রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
কীভাবে ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতের পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





