শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ দীর্ঘ কয়েক দিনের জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ডাবগ্রাম-২ নম্বর অঞ্চলে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন বিজেপির সুমতি রায়।
প্রাক্তন প্রধান মিতালী মালাকারের ইস্তফার পর থেকেই নতুন প্রধানের দায়িত্ব কে পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সুমতি রায়ের নাম সামনে এল।
সম্প্রতি, ডাবগ্রাম-২ অঞ্চল বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে আসে। প্রাক্তন প্রধান মিতালী মালাকার অভিযোগ করেছিলেন, দলেরই কয়েকজন সদস্য এবং বিজেপি নেতার একাংশ বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগসাজশ করে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন। দলের অভ্যন্তরীণ এই ঘটনাকে তিনি অপমানজনক ও লজ্জাজনক বলে দাবি করে প্রধানের পদ থেকে ইস্তফা দেন।
মিতালী মালাকারের ইস্তফার পর থেকেই ডাবগ্রাম-২ অঞ্চলে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। দলের অন্দরেই মতবিরোধ ও গোষ্ঠী কোন্দল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। নতুন প্রধান নির্বাচনের বিষয়টিও তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এরই মধ্যে বুধবার ডাবগ্রাম-২ অঞ্চলে নতুন প্রধান হিসেবে সুমতি রায়কে নির্বাচিত করা হয়। তার নেতৃত্বে এবার সংগঠনের অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে বিজেপি কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





