ফুলবাড়ি, ৬ অক্টোবরঃ চিতাবাঘের আতঙ্ক ফুলবাড়ির পুটিমারিতে।কালভার্টের নিচে চিতাবাঘের দেখা মেলায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কালভার্টের নিচে একটি চিতাবাঘ দেখা যায়। এক মহিলা জানান, চিতাবাঘটিকে তিনি কাছ থেকে দেখেছেন। তার দাবি, চিতাবাঘটি লাফিয়ে সেখান থেকে চলে যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ জড়ো হন।
স্থানীয় বাসিন্দা পুলিন সরেন জানান, তিনি নিজে চিতাবাঘটিকে দেখেননি। তবে বনদপ্তরের কর্মীরা এসে এলাকায় খোঁজাখুঁজি করেন এবং শব্দবাজি ফাটান।
স্থানীয়রা জানান, পুটিমারি এলাকায় এর আগে কখনও চিতাবাঘ দেখা যায়নি। চিতাবাঘটি আশপাশের বাগান বা গর্তে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ফলে রাতে যাতায়াত থেকে শুরু করে শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। দ্রুত চিতাবাঘটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা।





