শিলিগুড়ি, ৬ অক্টোবর: ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা বানচাল করলো এনজেপি জিআরপি।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে। তবে পুলিশের অভিযান টের পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ট্রেনে করে গাঁজা পাচারের খবর পেয়ে এনজেপি স্টেশনে তল্লাশি অভিযান চালানো হয়। আগরতলা থেকে আসা রানি কমলাপতি এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর পর ট্রেনটির স্লিপার কোচে তল্লাশি চালান জিআরপি আধিকারিকরা।
তল্লাশির সময় কোচের ভিতর থেকে দুটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে মোট ১৪টি প্যাকেটে গাঁজা উদ্ধার হয়। যার ওজন প্রায় ৩৫ কেজি।
এদিকে অভিযানের খবর পেয়ে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।





