রাজগঞ্জ, ৬ অক্টোবরঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি, ৯০ গ্রাম সোনা, নগদ টাকা-সহ আসবাবপত্র নিয়ে চম্পট দিল চোর।রাজগঞ্জের সাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকার ঘটনা।
পরিবারের সদস্যরা জানান, গত মাসের শেষ রবিবার স্বামী-স্ত্রী দুজনেই বালুঘাটে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে তারা দেখেন, ঘরের ভেতরে সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে।বাড়ির সামনের অংশ ঠিকঠাক থাকলেও পেছনের দিকে শৌচাগারের জানালা দিয়ে চোরের দল বাড়িতে ঢোকে বলে অভিযোগ। এরপর ঘরের মূল দরজার তালা ভেঙে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে মূল্যবান সামগ্রী লুট করে।
গৃহকর্তা তপন কুমার কুণ্ডুর বলেন, প্রায় ৯০ গ্রাম সোনা, দেড় লক্ষ টাকা নগদ, আরও কয়েকটি জায়গায় রাখা ৬০ থেকে ৭০ হাজার টাকা, ঠাকুরের মূর্তি, কাঁসা-পিতলের বাসন এবং চারটি গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়েছে চোরেরা।
ঘটনার পর ভোরের আলো থানার পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক।





