রাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ দীর্ঘদিনের দাবি পূরণের পথে।বেলাকোবা বটতলা থেকে গেটবাজার পর্যন্ত রাস্তা চওড়া করার উদ্যোগ নেওয়া হল।
বুধবার রাস্তা চওড়া করার প্রক্রিয়ার প্রাথমিক কাজ হিসেবে এলাকায় মাপজোক শুরু করেন পূর্ত দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা।এদিন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের উপস্থিতিতে এই কাজ হয়।
বিধায়ক দীনেশ সরকার বলেন, বেলাকোবা বটতলা থেকে গেটবাজার পর্যন্ত রাস্তাটি বর্তমানে প্রায় ১২ ফুট চওড়া। ফলে দুটি গাড়ি পাশাপাশি চলাচল করতে সমস্যায় পড়ে। সাইকেল ও মোটরসাইকেল চলাচলের সময়ও সমস্যা তৈরি হয়। রাস্তাটি অন্তত ২৪ ফুট চওড়া করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই বুধবার পিডব্লিউডি এবং বিএলএলআরও দফতরের তরফে মাপজোক শুরু হয়েছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে।পাশাপাশি এলাকার একটি পর্যটনকেন্দ্রকে ঘিরেও যানবাহনের চাপ বাড়ছে। অতীতে এই রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।রাস্তা চওড়া করার কাজে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করছেন বলে জানান বিধায়ক।
রাস্তা সম্প্রসারণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।এই রাস্তা হলে যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি পথচারী ও গাড়িচালকদের নিরাপত্তাও বাড়বে বলে আশা করছেন এলাকার বাসিন্দারা।





