শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে আয়কর বকেয়া রাখা ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে আয়কর বিভাগ।২০১১ সাল থেকে কোটি টাকা আয়কর বকেয়া থাকায় বুধবার শিলিগুড়ির ব্যবসায়ী নরেশ ভার্মার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।
এদিন আয়কর বিভাগের শিলিগুড়ি শাখার একটি টিম চম্পাসারির কদমতলা এলাকায় পৌঁছায়।রাস্তার পাশে থাকা একটি চারতলা ভবনে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ লাগিয়ে দেয়।
জানা গিয়েছে, প্রায় দুমাস আগে আয়কর বিভাগ মাল্লাগুড়ির টি অকশন রোড এলাকায় নরেশ ভার্মার তিন বিঘারও বেশি জমির একটি প্লটও বাজেয়াপ্ত করেছিল।তবে বকেয়া আয়কর পরিশোধ না করায় তার দ্বিতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করা হল।
আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, নরেশ ভার্মার ২০১১ সাল থেকে আয়কর বকেয়া রয়েছে। বকেয়ার পরিমাণ চার কোটি টাকারও বেশি। সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি বকেয়া কর পরিশোধের জন্য এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করা না হলে, বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করা হতে পারে।





