রাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ শিকারপুর হাটে পুলিশের অভিযান, বেআইনিভাবে দেশি মদ ও মদ্যপানের অভিযোগে ৫ মহিলা সহ ২৮ জন আটক।
বেআইনিভাবে দেশি মদ বিক্রি ও মদ্যপানের অভিযোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর হাট এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করলো বেলাকোবা ফাঁড়ির পুলিশ। বুধবার বেলাকোবা ফাঁড়ির পুলিশ ওসি অরিজিৎ কুন্ডুর নেতৃত্বে বেলাকোবার শিকারপুর হাট চত্বরে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে আটক হওয়া ২৮ জনের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা যায় বলে পুলিশের দাবি।পাশাপাশি, এলাকায় কয়েকজনকে দেশি মদ বা হাড়িয়া বিক্রির অভিযোগেও আটক করা হয়েছে।
অভিযানের সময় হাট চত্বর থেকে জার ও হাঁড়িতে মজুত করা দেশি মদ বা হাড়িয়াও উদ্ধার করা হয়। পরে নিয়ম মেনে সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
আটক হওয়া প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।





