শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী মন্দিরের কাছে আঙারি ঝোড়া নদীর ধারে একটি অবৈধ নির্মাণকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।দীর্ঘদিন ধরে ওই বহুতল নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, অনুমোদন ছাড়াই নির্মিত এই বহুতল ভবনের কারণে এলাকার রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে এবং নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।
অভিযোগ, গত কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের কাছে একাধিকবার জানানো হলেও কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রাজগঞ্জের বিডিও এবং স্থানীয় বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করে ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েতকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলেও দাবি বাসিন্দাদের।তবে সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ।
এদিকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে গতকাল। ওই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে এক প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে ওই পরিবারের বিবাদ চলছিল। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিষয়টি নিয়ে আশিঘর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ নির্মাণ কীভাবে বহাল তবিয়তে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রশাসন এবার দ্রুত হস্তক্ষেপ করে অবৈধ নির্মাণ ভেঙে ফেলে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুক।
যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বহুতল মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





